Showing posts with label :(. Show all posts
Showing posts with label :(. Show all posts

Friday, 5 December 2014

অবগতি

এই লেখাটা কেবল আমার সুহৃদ এবং বন্ধুদের জন্য।

জুকারবার্গ একদা একটা টিকটিকির ডিম পেড়েছিল। কালক্রমে, কোনও এক বিচিত্র কারণে সেই টিকটিকির ডিম ফুটে বের হল এক ডায়নোসর! দানবীয় তার ক্ষমতা এটা এখন আর অস্বীকার করার কোনও উপায় নেই। অজস্র উদাহরণ থেকে কেবল একটা বলি। প্রথম আলোর মত আরেক দানবকে দেখেছি নাছোড়বান্দা ভিক্ষুকের মত ‘লাইক’ ভিক্ষা করতে। ওয়াক!

ফেসবুক জায়গাটা এখন আর ভাল লাগছে না। আপাতত ফেসবুকে লেখালেখি করতে উৎসাহ পাচ্ছি না- এখানকার অতিরিক্ত আলো চোখ ধাঁধিয়ে দেয়। এই প্রক্রিয়ায় অন্ধ হয়ে গেলে সেটা কোনও কাজের কাজ হবে না। লেখালেখি আমার প্রাণ! যেদিন লেখা বন্ধ হয়ে যাবে সেদিন আমি হয়ে পড়ব এক ‘জম্বি’! ‘জম্বি’ হওয়ার গোপন কোনও ইচ্ছা আমার নাই বিধায় আমার নিজের সাইটে হাবিজাবি লিখব ঠিকই। তাই আমি আমার পুরনো জায়গা, www.ali-mahmed.com -এ ফিরে যাওয়াটাই আরামের মনে করলাম।

ফেসবুকে যোগাযোগ করাটা অনেকটা সহজ তাই আপাতত এই আইডিটা ডিঅ্যাকটিভ করছি না। কারও বিশেষ কোনও প্রয়োজন হলে ইনবক্স খোলা রইল। আর এই লেখার সূত্র ধরে কোনও প্রকারের প্রশ্ন-উত্তর পর্ব সবিনয়ে এড়িয়ে যাচ্ছি কারণ যা বলার বিশদ এই লেখায় বলে ফেলছি। যারা আমাকে অজানা কারণে পছন্দ করেন এবং যারা জানা কারণে অপছন্দ করেন এদের সবাইকে শুভেচ্ছা...।

Friday, 13 December 2013

এই লুকটার মাথায় গন্ডগোল আছে। :(


অসুখ থেকে উঠার পর আমার হাঁটাহাঁটি পর্বটা অনেকটা কমে গেছে। কিন্তু পুরনো অভ্যাস বলে কথা। ঝাঁ ঝাঁ রোদ্দুরে হাঁটার যে মজা সেটা অন্যত্র কোথায়! অবশ্য আমার সঙ্গে যিনি ছিলেন তিনি তীব্র বিরক্তি প্রকাশ করছিলেন।


ছবিটা মেইল করে লিখেছেন, 'এই লুকটার মাথায় গন্ডগোল আছে'...। :( 

Wednesday, 2 February 2011

কে কাকে সামলায়!

এ তিন নাম্বর স্কুলের ছাত্রী। প্রায়ই এর স্কুল কামাই হয়। জিজ্ঞেস করলে একই উত্তর, ছোট ভাইকে রাখতে হয়। আমার ধারণা ছিল বানিয়ে বানিয়ে বলছে। এইটুকুন একটা মেয়ে, এ আরেকটা বাচ্চাকে সামলাবে কেমন করে?
আমার ধারণা ভুল। এ তার ভাইকে সামলায়, ভালই সামলায়...।

Saturday, 22 January 2011

সময়ের চেয়ে পাজি আর কেউ নাই!

একদিন দেখি এ বাড়ির সামনে সাঁই সাঁই করে সাইকেল চালাচ্ছে। মেয়েটার দেখি সাইকেল চালাবার বড়ো শখ! কিনে দেয়ার কথা বলেছিল কিন্তু সময়ে অনেক কথা ফিযুল মনে হয়।
একজনের কাছে এটা পড়ে ছিল, মেয়েটা চালাবার জন্য নিয়ে এসেছে। যার কাছে পড়ে ছিল তার খুবই দ্রুত মনে পড়ে এই সাইকেলটা এমন পড়ে থাকতে দেয়া যায় না অতএব ফেরত নিয়ে আসা আবশ্যক।

Friday, 15 October 2010

ছাত্র আছে, শিক্ষক আছে- স্কুল নাই!

স্কুলে ভর্তি হওয়ার জন্য যে কেউ আসলে আমি না করি না। বাচ্চার মা মদ বিক্রি করে নাকি আলকাতরার হালুয়া তাতে আমার কী আসে যায়! 
স্টেশনের স্কুলটায় নিয়ম করে আমার থাকা হয়। একে দেখি সুড় সুড় করে স্কুলে ঢুকছে। আহা, বেচারা বড়ো আশা নিয়ে এসেছে কিন্তু একে শেখাবার মত জ্ঞান আমার নাই।

ব্লগ-ভুবনে স্বঘোষিত এমন বেশ কিছু ডাক্তার টাইপের লোকজন আছেন যাদেরকে আমি প্রকৃত জ্ঞানী মনে করি। ওইসব স্যাররা শেখান কে কেমন করে হাঁটবে, কে কেমন নাচবে ইত্যাদি। এরা আবার ভয়ে কাত হন না যদি জ্ঞান গড়িয়ে পড়ে।
স্যাররা যেদিন এদের জন্য স্কুল খুলবেন সেদিন এই বেচারাকে ওখানে পড়তে বলব। এই মুহূর্তে একে না বলতে খানিকটা দুঃখিতই হলাম...।